সন্দীপ সরকার, কলকাতা: বিশ্বকাপে ইতিহাস তৈরির দিনই উৎকণ্ঠা গ্রাস করল ইতালি শিবিরকে!
টি-২০ বিশ্বকাপে প্রথমবারের জন্য যোগ্যতা অর্জন করেছে ইতালি। খেলার মাঠে
যে দেশের খ্যাতি মূলত ফুটবলকে কেন্দ্র করে। চারবার ফুটবল বিশ্বকাপ জিতেছে ইতালি। ব্রাজিলের ঠিক ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। তবে ক্রিকেট মাঠে সেভাবে পরিচিতি নেই। প্রতিষ্ঠা পাওয়ার লক্ষ্যে টি-২০ ফর্ম্যাটকে হাতিয়ার করেছে পাওলো মালদিনি, দেল পিয়েরো, জিয়ানলুইজি বুঁফোদের দেশ। ইউরোপীয় যোগ্যতা অর্জনকারী পর্ব থেকে প্রথমবারের জন্য বিশ্বকাপের টিকিট কনফার্ম করেছে ইতালি।
সোমবার ইতালি শুরু করল অভিযান। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাংলাদেশ বাতিল না হলে যাদের বিশ্বকাপ খেলার কথাই নয়। শেষ মুহূর্তে বিশ্বকাপে ডাক পেয়েছে। প্রথম ম্যাচে ইডেনে ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে হারলেও স্কটিশদের লড়াকু ক্রিকেট মন জিতে নিয়েছিল দর্শকদের। ইতালি তাদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল। পারদ কিছুটা বাড়লেও শহরে এখনও রয়েছে শীতের আমেজ। তার ওপর সকাল এগারোটায় ম্যাচ। সকালের উইকেটের তরতাজা ভাব কাজে লাগানোর কৌশল নিয়েছিলেন ইতালির অধিনায়ক ওয়েন ম্যাডসেন। সেই কারণেই প্রথমে ফিল্ডিং।
ম্যাচের চতুর্থ ওভারেই বিরাট ধাক্কা খেল ইতালি। মাঠ থেকে বেরিয়ে যেতে হল স্বয়ং ম্যাডসেনকেই। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে। ঠিক কী হয়েছে?
স্কটল্যান্ড ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা। থোমাস দ্রাকার শর্ট বলে জোরাল পুল শট খেলেন জর্জ মিউনসি। মিড উইকেটের দিকে যাচ্ছিল বল। মিড অন থেকে অনেকটা দৌড়ে বল আটকানোর চেষ্টা করেন ম্যাডসেন। বাঁদিকে দৌড়ে তিনি ঝাঁপিয়ে পড়েন। তবে বল আটকানোর মরিয়া চেষ্টায় তিনি ডাইভ দেন প্র্যাক্টিস পিচের ওপর। শক্ত মাটির ওপর আছাড় খেয়েই বাঁ হাত চেপে ধরে শুয়ে পড়েন ম্যাডসেন। যন্ত্রণায় কুঁকড়ে যান।
সঙ্গে সঙ্গেই ইতালির ফিজিও দৌড়ে মাঠে ঢোকেন। কিন্তু শুশ্রূষার পরেও যন্ত্রণা কমেনি ম্যাডসেনের। দেখা যায়, বাঁহাত স্লিঙ্গিং ব্যাগে ঝুলিয়ে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি। ইতালি শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, তাঁর চোটের পরীক্ষা চলছে। তবে কাঁধের হাড় সরে যাওয়ার মতো চোটও লেগে থাকতে পারে। সেক্ষেত্রে এই ম্যাচ তো বটেই, পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে পারেন ম্যাডসেন।
টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচের বাকি অংশ দশজনেই খেলতে হতে পারে ইতালিকে, এমন আশঙ্কা প্রবল। যা চাপ বাড়াল দেল পিয়েরোর দেশের।














