তিরুঅনন্তপুরম: সিরিজ়ের ফয়সালা আগেই হয়ে গিয়েছে। তবে শনিবার ভারত বনাম নিউজ়িল্যান্ডের (IND vs NZ) পঞ্চম টি-টোয়েন্টি ম্য়াচটি একেবারেই নিয়মরক্ষার ম্যাচ নয়।
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর মেগা টুর্নামেন্টের আগে এটাই দুই দলের শেষ প্রতিযোগিতামূলক ম্য়াচ। তাই একেবারে শেষবেলায় নিজেদের শক্তি, দুর্বলতা আরও একবার যাচাই করে নেওয়ার সুযোগ রয়েছে দুই দলের সামনেই।
রবি শাস্ত্রী, কেভিন পিটারসনদের মতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যে ক্রিকেটারের ওপর সবথেকে বেশি নজর থাকবে, তিনি অভিষেক শর্মা (Abhishek Sharma)। আর হবে নাই বা কেন। বর্তমানে তিনি আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার। তাঁর ব্যাট চললে কী হয়, তা সিরিজ়ে ইতিমধ্যেই হাড়ে হাড়ে টের পেয়েছে নিউজ়িল্যান্ড। এমন এক ব্যাটারের বিরুদ্ধে বাড়তি সতর্কতা, একটু বেশি করে পরিকল্পনা তো সব দলই করবে। তবে নিউজ়িল্যান্ডের ম্যাট হেনরি (Matt Henry) অভিষেককে নিয়ে খুব একটা বিব্রত নন। ভারতের তারকা ওপেনারের জন্য তাঁর পরিকল্পনা খুবই সহজ, সরল।
সিরিজ়ের শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে নিউজ়িল্যান্ডে তারকা ফাস্ট বোলার জানান, 'বিগত দুই বছর ধরে ও দারুণ খেলছে এবং শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, আইপিএলেও প্রতিপক্ষ বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করেছে। তবে আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল আমরা ওকে কতটা চাপে ফেলতে পারছি। ওকে বল করাটা নিঃসন্দেহেই চ্যালেঞ্জিং, তবে প্রয়োজনীয় বিষয় হল একটা মোটামুটি ওভারের পর কীভাবে আমরা ফিরব, কীভাবে বাকি কথা চিন্তা না করে ম্য়াচে নিজেদের প্রভাব ফেলব?'
এরপরেই অভিষেকের বিরুদ্ধে নিজের বোলিং পরিকল্পনা জানান হেনরি। 'আমার মতে গোটা বিষয়টাই দাঁড়িয়ে আমরা কতটা নিঁখুত লাইন লেংথে বল করছি তার ওপর। সঠিক জায়গায় বলটাকে রাখতে হবে এবং নিজের সেরা বলটা করার চেষ্টা করতে হবে।' মত কিউয়ি তারকার।
হেনরির কাছে টি-টোয়েন্টি ক্রিকেট হল আত্মবিশ্বাসের খেলা। তাঁর দাবি, 'আমার জন্য টি-টোয়েন্টি ক্রিকেটটা হল আত্মবিশ্বাস নির্ভরশীল। চাপের মুখে কীভাবে আবার ফিরে এসে ব্যাটারদের চাপে ফেলা যায় , কীভাবে নিজের পরিকল্পনা বাস্তবায়ন সেটাই গুরুত্বপূর্ণ। খেলতে খেলতেই তো শেখা যায় এবং এই সিরিজ় থেকে আমাদের জন্য এটাই আসল প্রাপ্তি। আমাদের জন্য গোটাটাই ইতিবাচক বিষয়। সিরিজ়ের শেষ ম্যাচে এসেও দলের ছেলেরা আত্মবিশ্বাসী যেটা আমাদের জন্য অত্যন্ত সন্তুষ্টির।'
এবার হেনরিরা নিজেদের সঠিক লাইন, লেংথ বোলিংয়ে শনিবার অভিষেক তথা ভারতীয় দলকে চাপে ফেলতে পারেন কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে।














