কল্যাণী: রঞ্জি ট্রফির (Ranji Trophy) শেষ চারে বাংলার টিকিট কার্যত কনফার্মড। কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে অন্ধ্র প্রদেশকে হারাতে মঙ্গলবার, ম্যাচের শেষ দিন
বাংলার চাই আর ৭ উইকেট।
অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে রানের পাহাড় গড়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে ওঠা কার্যত নিশ্চিত করে ফেলল বাংলা। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্য়াকাডেমির মাঠে মঙ্গলবার ম্যাচের শেষ দিন জয় থেকে সাত উইকেট দূরে অভিমন্যু ঈশ্বরণের দল। অন্ধ্র এখনও পিছিয়ে ২৭০ রানে।
অন্ধ্র প্রদেশের প্রথম ইনিংসে তোলা ২৯৫ রানের জবাবে সোমবার বাংলার প্রথম ইনিংস ৬২৯ রানে শেষ হয়। সুদীপ কুমার ঘরামি মাত্র ১ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি হাতছাড়া করলেন। ৫৯৬ বল খেললেন, যা বাংলার ব্যাটারদের মধ্যে নয়া রেকর্ড। তিনি ৩১টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ২৯৯ রান করে বোল্ড হন। শাকির হাবিব গাঁধী পাঁচ রানের জন্য শতরান পেলেন না। ৮টি চার ও একটি ছয়ের সাহায্যে ৯৫ রান করেন শাকির। ঘরামি ও গাঁধীর সপ্তম উইকেট জুটিতে ওঠে ২২১ রান।
শেষ দিকে আগ্রাসী ব্যাটিং করে মহম্মদ শামি সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। আকাশ দীপ ১২ রান করে আউট হন। ৬ রানে অপরাজিত থাকেন মুকেশ কুমার।
এরপর অন্ধ্র প্রদেশ চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৪ রান তুলেছে। অধিনায়ক রিকি ভুঁই ১৮ ও নীতীশ কুমার রেড্ডি ১ রানে অপরাজিত। আকাশ দীপ, সুরজ সিন্ধু জয়সওয়াল ও শাহবাজ আমেদ একটি করে উইকেট নিয়েছেন।
সেমিফাইনালে বাংলার প্রতিপক্ষ কে? জম্মু ও কাশ্মীর। যারা ইনদওরে মধ্য প্রদেশকে ৫৬ রানে হারিয়ে প্রথমবার রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছেছে। আকিব নবি দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়েছেন।
বাংলা বনাম জম্মু ও কাশ্মীর ম্যাচও হবে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে। কারণ, গ্রুপ পর্বে বেশি পয়েন্ট থাকায় বাংলা হোম ম্যাচ খেলবে।
Pure grit. Pure class. 🏏
— CABCricket (@CabCricket) February 9, 2026
Sudip Kumar Gharami’s monumental 299 off 596 balls against Andhra in the quarter-final of the Ranji Trophy 2025–26! ✨#CAB #Bengal #RanjiTrophy #BCCIDomestic pic.twitter.com/CXgNH9cZf9
রঞ্জি ট্রফির অন্য কোয়ার্টার ফাইনালে কে এল রাহুলের সেঞ্চুরির সুবাদে শক্তিশালী মুম্বইকে ৪ উইকেটে হারিয়েছে কর্নাটক। সেমিফাইনালে তারা খেলবে উত্তরাখণ্ডের বিরুদ্ধে। উত্তরাখণ্ড ইনিংস ও ৬ রানে হারিয়েছে ঝাড়খণ্ডকে।











