What is the story about?
কলকাতা: এবার হাইওয়ে, এক্সপ্রেসওয়ে এবং যে কোনও বড়ো রাস্তায় টোটো চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বিপদ এড়াতে এবং গাড়ির গতি বাড়াতে এমন সিদ্ধান্ত পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের। ইতিমধ্যেই বিভিন্ন জেলার জেলা শাসকদের কাছে চলে গিয়েছে নির্দেশ। যদি বড় বড় রাস্তায় টোটো চলতে দেখা যায় তাহলে আইননানুগ ব্যবস্থা নিতে বলাহয়েছে। মন্ত্রীর স্পষ্ট কথা, তিনি টোটো চলার বিরুদ্ধে নন। তবে বড় বড় বাস চালাতে অসুবিধা হচ্ছে। তাই যানজট রুখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত ডিএম, এসপি-দের মেন রাস্তা থেকে টোটো সরিয়ে দিতে বলা হয়েছে। টোটো চলুক তাতে আমার কোনও আপত্তি নেই। কিন্তু মেন রোডে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে।
এ নিয়ে যদিও টোটো চালকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ব্যারাকপুর এলাকার টোটো চালক প্রসেনজিৎ বলছেন, “আমরা তো সাইড দিয়ে চলাচল করি। প্রয়োজনে তো উঠতেই হয়। এখন যাতায়াত বন্ধ করে দিলে খুবই অসুবিধা হয়। যদি এই সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে ভালো হয়। অলিগলিতে টোটো চালিয়ে তো পেট চলবে না।” আর এক টোটো চালক বলছেন, “আমাদের যদি সার্ভিস রোডে নামতে না দেয় তাহলে আমরা চলব কী করে। আমাদেরও তো সংসার আছে। অলিগলিতে তো ভাড়া হয় না। সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা ভালোর জন্যই নিচ্ছে। কিন্তু আমাদের দিকটাও তো দেখতে হবে। কারণ, এটা তো আমাদের রুটি-রুজির বিষয়।” এই সিদ্ধান্ত নিয়ে চাপানউতোর চললেও অনেক টোটো চালকই আবার মুখ খুলতে চাননি। তবে যাত্রীদের অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। তাঁদের স্পষ্ট কথা, যেভাবে দুর্ঘটনা ঘটছে তাতে এটা দরকার ছিল।














