বুয়েনস আইরেস: বিশ্বকাপের ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্তিনার। স্পেনের কাছে ফাইনালে হেরে ফিরতে হচ্ছে দেশে। এরপর ফের কবে মাঠে দেখা যাবে নীল-সাদা শিবিরকে?
আর্জেন্তিনার সামনে আর কী টুর্নামেন্ট রয়েছে?
আগামীদিনের সূচি দ্রুত চূড়ান্ত করতে বসবে আর্জেন্তিনা ফুটবল সংস্থা। ২০২৬ সালের শেষে কোচ লিওনেল স্কালোনির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তাঁর ভবিষ্যৎ নিয়েও সিদ্ধান্ত নিতে হবে আর্জেন্তিনা ফুটবল সংস্থাকে। একটা সময় মনে করা হয়েছিল ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত কোচ থাকবেন স্কালোনিই। তবে বিশ্বকাপ ফাইনালে হারের পর তিনি নিজেই তা নিয়ে প্রশ্ন রেখে দিয়েছেন।
এবছরের মতো আন্তর্জাতিক ক্যালেন্ডার চূড়ান্ত করে ফেলেছে ফিফা। সেই অনুযায়ী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে চারটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবে আর্জেন্তিনা। পরে নভেম্বর উইন্ডোতে আরও ২টি ম্যাচ খেলার সুযোগ থাকবে। অর্থাৎ সব মিলিয়ে এই বছরে আরও ৬টি ম্যাচ খেলতে পারে আর্জেন্তিনা। তবে কবে কাদের সঙ্গে ম্যাচ, চূড়ান্ত নয় এখনও।
তবে প্রশ্ন তৈরি হয়েছে ২০৩০ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্ব নিয়ে। পরের বিশ্বকাপ হবে টুর্নামেন্টের একশো বছরের পূর্তি। সেই টুর্নামেন্টের অন্যতম আয়োজক আর্জেন্তিনা। সেই হিসাবে উরুগুয়ে, প্যারাগুয়ের মতো আয়োজক দেশ হিসাবে আর্জেন্তিনার এমনিতেই সুযোগ পাওয়ার কথা। তবে একটা জল্পনা চলছে যে, যোগ্যতা অর্জনকারী পর্বের খোলনলচে বদলে ফেলতে পারে ফিফা। সেক্ষেত্রে ১০ দলের যোগ্যতা অর্জনকারী পর্ব খেলতে হতে পারে আর্জেন্তিনাকেও। যেখান থেকে ৬টি দল সরাসরি মূল পর্বে যাবে। একটি দল খেলবে প্লে অফে।
তবে শোনা যাচ্ছে, উয়েফার সঙ্গে মিলে কনমেবল একটি নতুন টুর্নামেন্ট আয়োজন করতে পারে। যেখানে ইউরোপের সেরা দলগুলির সঙ্গে দক্ষিণ আমেরিকার সেরা দলগুলি খেলতে পারে। যদিও পুরোটাই পরিকল্পনার স্তরে। তবে সব কিছু ঠিকঠাক চললে ফের ব্রাজ়িল, আর্জেন্তিনা, উরুগুয়ের মতো দলের সঙ্গে ফ্রান্স, স্পেন, জার্মানির মতো ইউরোপের দলগুলি খেলতে পারে সেই টুর্নামেন্টে। যা শুনে ফুটবলপ্রেমীরা উত্তেজিত, রোমাঞ্চিত। প্যারাগুয়ে ফুটবল সংস্থার প্রধান রবার্ট হ্যারিসন একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, নেশনস লিগের মতো টুর্নামেন্ট হতে পারে উয়েফার সঙ্গে পরিকল্পনা করে। এমনকী, নেশনস লিগেও বিভিন্ন গ্রুপে কনমেবলের দল রাখা হতে পারে।
২০২৮ সালে রয়েছে পরের কোপা আমেরিকা। তবে কোথায় টুর্নামেন্ট হবে, তা নিয়েও রয়েছে প্রশ্ন। রোটেশন অনুযায়ী ইকুয়েডরে হতে পারে টুর্নামেন্ট। তবে আমেরিকার মাটিতে বিশ্বকাপের সাফল্যের কথা মাথায় রেখে ফের মার্কিন মুলুকে টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। সেখানে কনকাকাফ থেকেও দলকে আমন্ত্রণ জানানো হবে খেলার জন্য।
আরও পড়ুন: স্পেনের বিশ্বকাপ জয়ের নায়কের রয়েছে কলকাতা-যোগ? আর্জেন্তিনার বিরুদ্ধে গোল করার পরই ভাইরাল











