অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। দুই দলই টুর্নামেন্টে অপ্রতিরোধ্য। অপরাজিত। ভারত সেমিপাইনালে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালের
টিকিট পেয়েছে। আর ইংল্যান্ড ফাইনালে উঠেছে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে। মনে করা হচ্ছিল, ফাইনালে প্রবল চাপ থাকবে ভারতের ওপর। ইংরেজরা কড়া টক্কর ছুড়ে দেবে ভারতকে।
কিন্তু ম্যাচে দেখা গেল অন্য ছবি। ইংরেজ বোলিং নিয়ে ছেলেখেলা করল ভারত। আরও নিখুঁতভাবে বললে, বৈভব সূর্যবংশী। একার হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিল বিহারের ১৪ বছর বয়সী বিস্ময় কিশোর। মাত্র ৫৫ বলে সেঞ্চুরি। ৮০ বলে ১৭৫ রান করল বৈভব। ভেঙে গুঁড়িয়ে দিল একের পর এক রেকর্ড।
পরিসংখ্যান বলছে, ম্যাচের প্রথম ২৫ ওভারে ভারত ১০ রান রেট রেখে ২৫০ রান তুলেছিল। মাত্র ২ উইকেট হারিয়ে। সেখানেই যেন ম্যাচের ভবিতব্য ঠিক হয়ে যায়। পরের ২৫ ওভারে ভারত ওভার প্রতি ৬.৪৪ রান রেট রেকে তুলল ১৬১। ৭ উইকেট হারিয়ে। ২৫.৩ ওভার পর্যন্ত ক্রিজে ছিল বৈভব। একার হাতেই ছারখার করে দিল ইংল্যান্ডের যাবতীয় নকশা।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে এর আগে সর্বোচ্চ স্কোর ছিল অস্ট্রেলিয়ার। ২০২৪ সালের ফাইনালে ভারতের বিরুদ্ধেই ২৫৩/৭ তুলেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ডও ভাঙল ভারত।
এ নিয়ে তৃতীয়বার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চারশো বা তার বেশি রান তুলল ভারত। অন্য কোনও দেশের একবারের বেশি যে নজির নেই। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সর্বোচ্চ ৩১১ রান তাড়া করে জেতার নজির রয়েছে ভারতের। এবারের বিশ্বকাপেই আফগানিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে যে রান তাড়া করে জিতেছিল ভারত। ইংল্যান্ডের সামনে তাই অগ্নিপরীক্ষা।
বৈভব ছাড়া রান পেলেন আয়ূষ মাত্রে (৫১ বলে ৫৩), অভিজ্ঞান কুণ্ডু (৩১ বলে ৪০) ও কণিষ্ক চৌহান (২০ বলে ৩৭ অপরাজিত)।















