নয়া দিল্লি: লোকসভা থেকে সাসপেন্ড শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর লোকসভা থেকে সাসপেনশনের পরেই রাজ্য বিজেপির সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের
সঙ্গে দেখা করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। শমীকের সঙ্গে কল্যাণের এই সাক্ষাৎ ঘিরে এবার জোর জল্পনা রাজনৈতিক মহলে।
আরও পড়ুন: 'আমি তো ওই স্কুলে পড়িনি', সাসপেন্ড হয়েই ক্ষোভ প্রকাশ কুণালের
সংসদের বাইরে দু'জনকে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। প্রায় ১৫ মিনিট কথা বলেন তাঁরা। সাসপেনশনের পর সংসদের বাইরে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার আগে বেশ অনেকক্ষণ কল্যাণের সঙ্গে কথা বলেন, আর এক তৃণমূল সংসদ মহুয়া মৈত্র।
শমীক ভট্টাচার্য যখন বেরোচ্ছিলেন সংসদ থেকে সেই সময় তাঁকে এক সাইডে নিয়ে যান কল্যাণ, আর প্রায় ১৫ মিনিট দাঁড়িয়ে কথা বলেন দুজনে। তারপর সেখানে আসেন মহুয়া মৈত্র। তিনিও বেশ কিছুক্ষণ কথা বলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে।
যদিও তাঁদের কী নিয়ে কথা হয়েছে সেই বিষয়ে জানা যায়নি। তবে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হলে, তিনি বলেন এটা লোকসভার ব্যাপার। তিনি বিষয়ে জানেন না। লোকসভা যা সিদ্ধান্ত নিয়েছে, সেই অনুযায়ী নিশ্চয় তৃণমূল পদক্ষেপ করবে, জানান শমীক। যেহেতু তিনি নিজে লোকসভার সদস্য নন, তাই এই বিষয়ে বলতে পারবেন না।















