সন্দীপ সরকার, কলকাতা: দিন দুয়েকের মধ্যে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। ইডেন গার্ডেন্সেও সাজ সাজ রব। ৭ ফেব্রুয়ারি, টুর্নামেন্টের প্রথম দিনই
ক্রিকেটের নন্দনকাননে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ় বনাম স্কটল্যান্ড ম্যাচ। প্রস্তুতি তুঙ্গে। প্রবল ব্যস্ত সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। পিচ প্রস্তুতির কাজ তদারকি করা থেকে শুরু করে টিকিট বিক্রির হালহকিকত রাখা, ব্যবস্থাপনার যাবতীয় কাজ সামলাচ্ছেন। তার ফাঁকেই বুধবার রাতে সিএবি-র দোতলায় নিজের ঘরে বসে বিভিন্ন বিষয়ে কথা বললেন জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক।
টি-২০ বিশ্বকাপ, ইডেনের প্রস্তুতি
সৌরভ বলছেন, '১০ বছর পর টি-২০ বিশ্বকাপের আয়োজন করছে ভারত। ইডেনেও ভাল ম্যাচ হবে। ভারতের ম্যাচ রয়েছে। সেমিফাইনাল রয়েছে। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ়, ইংল্যান্ডের মতো দল খেলবে। ইডেন পুরোপুরি তৈরি। ক্রিকেট প্রশাসক হিসাবে ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে অত বৃষ্টির মধ্যেও এখানে ভারত-পাকিস্তান ম্যাচ করার অভিজ্ঞতা রয়েছে। ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ় ফাইনাল এখনও লোকের মুখে মুখে ফেরে। হ্যাঁ, বাংলাদেশ থাকলে কলকাতার মানুষের মধ্যে উন্মাদনা আরও একটু থাকত। কয়েকটি ছোট দলের ম্যাচ নিয়ে আগ্রহ একটু কম। তবে মাঠ ভরানোর জন্য আমরা কিছু পরিকল্পনা করেছি। বিভিন্ন স্কুল ও ক্রিকেট অ্যাকাডেমিকে চিঠি দিয়েছি। তারা খুদেদের পাঠালে আমরা নিখরচায় মাঠে বসে খেলা দেখার ব্যবস্থা করব। ভাল একটা বিশ্বকাপ হবে।'
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত
সৌরভের কথায়, 'ভারত দারুণ দল। (টিভিতে তখন ভারত বনাম আফগানিস্তান ম্যাচ চলছে, ভারত কার্যত জিতে গিয়েছে) দুর্দান্ত একঝাঁক ক্রিকেটার উঠে আসছে। তবে ভারত বরাবরই ভাল দল। এর আগেও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভাল খেলেছে। পৃথ্বী শদের দলটাও দারুণ ছিল। বৈভব সূর্যবংশীকে খুব ভাল লাগছে। কী সমস্ত শট খেলছে ছেলেটা। ৩৩ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলল। ফাইনালে ভারত বনাম ইংল্যান্ড। ভাল ম্যাচ হবে।'
প্রিটোরিয়া ক্যাপিটালস
'এসএ টোয়েন্টি লিগে খুব ভাল ক্রিকেট খেলেছি আমরা। খুব ভাল কিছু প্রতিভা রয়েছে দলে। ফাইনালে ওঠাটাও বড় ব্যাপার। তবে ট্রফি কাছ থেকে ফিরতে হয়েছে। অনেক ফাইনালে হারলাম (হাসি)। আমরা পরেরবার আরও ভাল খেলব। চ্যাম্পিয়ন হব', বলছিলেন সৌরভ।
পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কট
সৌরভ বলছেন, 'কেন ওরা বয়কট করছে? কারণটা কী? টি-২০ বিশ্বকাপে খেলছে, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলছে না! আমি জানি না কোন যুক্তিতে এটা করছে পাকিস্তান।'
টি-২০ বিশ্বকাপে ইডেনে বিশেষ কোনও ভাবনা
সৌরভ বলছেন, 'গ্রুপ পর্বে সেরকম কোনও পরিকল্পনা নেই। এমনিতে ইডেনে আলো জ্বললেই লেজ়ার শো হবে। সেসব থাকছে। তবে সুপার এইটে ভারতের ম্যাচ বা সেমিফাইনাল নিয়ে কিছু চিন্তাভাবনা রয়েছে। এখনও চূড়ান্ত নয়।'














