মুর্শিদাবাদ : 'কেউ পাশে না থাকলেও হুমায়ুনের কিছু যায় আসে না । আমার দল একার শক্তিতে ১৮২ আসনে লড়ার ক্ষমতা রাখে' - বারবার এমনটা দাবি করলেও হুমায়ুন কিন্তু
সহযোদ্ধা খুঁজেই যাচ্ছেন ! যেমন , তিনি দাবি করছেন, শুধু সেলিম নন, জোট নিয়ে অন্যান্য বাম নেতাদের সঙ্গেও আলোচনা চলছে তাঁর। এর আগে মিম ও নওশাদ সিদ্দিকির আইএসএফকেও পাশে পেতে চেয়েছিলেন তিনি। আর এবার হুমায়ুন মুর্শিদাবাদে আসন সমঝোতা নিয়ে করে বসলেন বিস্ফোরক দাবি। এবার তিনি বলছেন, তাঁর প্রাক্তন দল থেকেই নাকি আসছে বার্তা।
সত্যিই তৃণমূলের তরফে আসছে বার্তা?
ভোট যত এগোচ্ছে, ততই জটিল হচ্ছে সমীকরণ । রাজনৈতিক চাপানউতোরও চলছে । আবার একে অপরের কাছাকাছি যাওয়ার রাস্তাও পুরোপুরি কেউ বন্ধ করছে না । এই আবহেই হুমায়ুন করলেন এক বড় দাবি। এখন তাঁর দাবি, তিনি নাকি আসন সমঝোতার প্রস্তাব পাচ্ছেন তৃণমূল শিবির থেকেই। হুমায়ুনের দাবি, প্রশাসন ও তৃণমূলের দালালদের মাধ্যমে বার্তা এসেছে তাঁর কাছে। তিন্তু তিনি মনে করছেন, 'একসময়ে তৃণমূল আমাকে যথেষ্ট অপমান করেছে । এখন অনেকে বলছে আসন সমঝোতা করতে'। হুমায়ুনের মন্তব্য, 'আমার দলের জন্ম তৃণমূলকে হঠাতে । মানুষ জবাব দিয়ে দেবে' । কথায় আছে রাজনীতি বরাবরই খামখেয়ালি। স্থায়ী বলে কিছুই নেই। তাহলে কি সত্যিই তৃণমূলের তরফে আসছে বার্তা? হুমায়ুন কবীর শেষ অবধি কার সঙ্গে হাত মেলাবে? আদৌ কি তাতে তৃণমূলের স্বার্থে ঘা লাগবে? নাকি বিধানসভা ভোটে কি নতুন কোনও সমীকরণ দেখতে চলেছে রাজ্য? উত্তর মিলবে কয়েক দিন পরেই।
মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হয়ে গেছে মাস দুয়েক আগেই। বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছেছে ইট-সিমেন্ট-নগদ অনুদান। নির্মাণকাজও শুরু হতে চলেছে আগামী সপ্তাহেই। আর নির্মাণকাজ শুরুর পর দিন থেকেই 'বাবরি যাত্রা' শুরু করতে চলেছেন হুমায়ুন কবীর। ১১ ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাবরি মসজিদের নির্মাণকাজ। ইট গেঁথে নির্মাণকাজের সূচনা করবেন হুমায়ুন কবীর। আর ১২ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে 'বাবরি যাত্রা'। দক্ষিণবঙ্গ থেকে শুরু হয়ে উত্তরবঙ্গ পর্যন্ত যাবে যাত্রা। নদিয়ার পলাশি থেকে শুরু করে মুর্শিদাবাদ হয়ে এই যাত্রা যাবে উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত। মোট ১৭৫ কিলোমিটার রাস্তা পেরোবে 'বাবরি' যাত্রা। ১২ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে শুরু হবে হুমায়ুন কবীরের 'বাবরি যাত্রা'। এই নিয়ে রাজনৈতিকর চাপানউতোরেরও শেষ নেই। এখন এই রাজনীতি ভোটবাক্সে কাকে কত ডিভিডেন্ড দেবে সেটাই দেখার !















