কলকাতা: আজ, অর্থাৎ সোমবার সংসদ ভবন অভিযান হওয়ার কথা দিল্লিতে। অভিযানে নেতৃত্ব দেওয়ার কথা ছিল যাঁর, সেই সোনম ওয়াংচুক (Sonam Wangchuk) আপাতত হাসপাতালে। তাঁকে
অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তবে অনশন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা। অন্যদিকে সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো জানিয়েছেন, সোনম যদি এই অভিযানে নেতৃত্ব না ও দিতে পারেন, তাহলে তিনিই এই অভিযানে নেতৃত্ব দেবেন। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, সেখানেও অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। কেবলমাত্র নুন-জল ছাড়া তাঁকে আর কিছুই খাওয়ানো যায়নি। রবিবার বিকেলের দিকে তাঁর শারীরিক অবস্থা একটু খারাপ হলেও, শেষ পাওয়া খবর অনুযায়ী, তিনি আপাতত স্থিতিশীল বলেই জানা গিয়েছে। কিন্তু সোমবার কি অবশেষে অনশন ভাঙবেন সোনম?
অনশন ভাঙতে পারেন সোনম, তবে রয়েছে কড়া শর্ত
সমাজকর্মী ও শিক্ষাবিদের স্ত্রী জানিয়েছেন, সোমবার অনশন তুলে নিতে পারেন সোনম, তবে তাঁর শর্ত রয়েছে। প্রত্যেক বছর নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার মতো ঘটনার ফল ভোগে, দেশের তরুণ ছাত্রছাত্রীরা। এই অবস্থার উন্নতি চান সোনম। তিনি চান, নিটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আরও কড়াকড়ি হোক, আরও জোরদার হোক নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষা বাতিল হওয়ার ফলে ছাত্রছাত্রীরা যে হতাশায় ডুবে যায়, এমনই আত্মহত্যার পথ পর্যন্ত অবলম্বন করে.. এর বিহিত চান সোনম। সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো জানিয়েছেন, আগামীকাল থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে। যদি তাঁর আগে সাংসদ ও মন্ত্রীরা সোনমের সঙ্গে দেখা করেন, তাঁকে আশ্বস্ত করেন যে, বাদল অধিবেশনেই NEET-এর প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলা হবে এবং এক একটি সমাধান করা হবে, তবেই অনশন তুলতে পারেন সোনম ওয়াংচুক। উল্লেখ্য, এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে সোনম ওয়াংচুকের সঙ্গে কোনোরকম যোগাযোগ, বা আলোচনায় বসার প্রস্তাবই রাখা হয়নি। কোনও সরকারি নেতা-মন্ত্রীকেও দেখা যায়নি তাঁর যন্তর মন্তরের অনশন মঞ্চে।
সোমবার জমায়েতে 'না' পুলিশের
অন্যদিকে আজ, সোমবার দিল্লি জুড়ে জমায়েত নিষিদ্ধ করল পুলিশ। নয়া দিল্লি জেলা জুড়ে জারি BNS-এর ১৬৩ ধারা, বিজ্ঞপ্তি দিল্লি পুলিশের। 'প্রতিবাদের নির্ধারিত স্থান যন্তরমন্তর ছাড়া কোথাও জমায়েত করা যাবে না। ২০ জুলাই সংসদ ভবন অভিযানের জন্য কোনও অনুমতি দেওয়া হয়নি। সাধারণ মানুষকে অনুরোধ, কোনও বেআইনি জমায়েত বা মিছিলে অংশ নেবেন না', এই বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে দিল্লি পুলিশ।
আরও পড়ুন: Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি














