কলকাতা : SIR নিয়ে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাত দিল্লি পর্যন্ত গড়িয়েছে। গত মঙ্গলবার সবার নজর ছিল, I-Pac-এর অফিসে তল্লাশি
নিয়ে ED-র দায়ের করা মামলার শুনানির দিকে। কিন্তু শুনানির ঠিক আগের রাতেই মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার ও রাজ্য পুলিশের তরফে জমা করা হয় হলফনামা। তার জবাব দিতে আদালতের কাছে ৭ দিন সময় চেয়ে নেয় ED। এরপর শুনানি পিছিয়ে যায়। মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, সুপ্রিম কোর্টে রয়েছে I-PAC সংক্রান্ত সেই মামলার শুনানি।
সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে দেওয়া হলফনামায় দাবি করা হয়েছে, ED আধিকারিকদের অনুমতি নিয়েই I-Pac-এর কর্ণধারের বাড়ি থেকে দলের নথিপত্র নিয়ে বেরিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তল্লাশিতেও কোনও বাধা দেওয়া হয়নি। অন্যদিকে ইডির দাবি ছিল, রাজ্য পুলিশের DG এবং পুলিশ কমিশনারের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী চুরি করেছেন। তাই CBI তদন্ত জরুরি।
গত ৮ জানুয়ারি, IPAC-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ED-র তল্লাশির সময় দুই জায়গাতেই পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লাউডন স্ট্রিটে তাঁকে সবুজ ফাইল-সহ বেরিয়ে আসতে দেখা যায়। এরপরই তুঙ্গে ওঠে ইডি ও রাজ্য তরজা। পারদ চড়ে রাজনৈতিক আক্রমণ-প্রতি আক্রমণেরও। সেই তরজা সময়ের সঙ্গে বেড়েছে বই কমেনি। এই আবহেই সুপ্রিম কোর্টে IPAC-এ ED-র তল্লাশি মামলার শুনানি হবে আজ।















