ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল I-PAC মামলার শুনানি । গত মঙ্গলবার রাজ্যের দেওয়া হলফনামা পড়ার জন্য ৭ দিন চেয়ে নেন ইডির আইনজীবীরা। আদালত আজ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি
নতুন শুনানির দিন দেয়। কিন্তু আজও হল না এই মামলার শুনানি।
১৮ ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালতে I-PAC মামলার শুনানি হবে। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর আইনজীবী কপিল সিব্বল অসুস্থ হওয়ায় পিছিয়ে গেল শুনানি।
গত ৮ জানুয়ারি IPAC-এর কলকাতার অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। কয়লা পাচার সংক্রান্ত পুরনো একটি মামলার সূত্র ধরেই এই তল্লাশি বলে জানা যায়। কিন্তু এদিন ইডির তল্লাশির মাঝেই দু'জায়গায় পৌঁছে যান রাজ্যের মুখ্য়মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই জায়গা থেকেই তিনি একাধিক নথি, ফাইল নিয়ে চলে আসেন ।
মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে চুরি, ডাকাতির মতো অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ED )। কিন্তু সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, ED-র কাছ থেকে অনুমতি নিয়েই ফাইল ও ডিভাইস নিয়ে আসা হয়েছে। সুপ্রিম কোর্টে শুনানির ঠিক আগের দিনই এই হলফনামা জমা দেওয়া হয়েছিল। ফলে তার জবাব দেওয়ার জন্য সময় চেয়েছিল ED। তখন এই মঙ্গলবারের দিনটি ধার্য করা হয়। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে , এই দিনও হল না শুনানি।











