হারারে: তাঁকে বলা হচ্ছে বিশ্ব ক্রিকেটের নতুন বিস্ময়। সেই বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) গড়ল বিশ্বরেকর্ড! অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ইংরেজদের
ছারখার করে দিল। বিধ্বংসী সেঞ্চুরিতে লুটোপুটি খেল একের পর এক রেকর্ড।
হারারেতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে (U19 World Cup Final) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতেই অ্যারন জর্জের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল। কিন্তু তারপর বৈভবের ব্যাটে ঝড়। সঙ্গে অধিনায়ক আয়ূষ মাত্রের আগ্রাসী হাফসেঞ্চুরি। পাহাড়প্রমাণ স্কোরের দিকে এগোচ্ছে ভারত।
মাত্র ৫৫ বলে সেঞ্চুরি করল বৈভব। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। অল্পের জন্য সেরা হতে পারেনি। জাপানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার উইল মালাজ়াক চলতি বিশ্বকাপেই ৫১ বলে সেঞ্চুরি করেছেন। ১৪ বছরের বৈভব নিল তার চেয়ে মাত্র ৪ বল বেশি। স্বদেশীয় রাজ বাওয়ার রেকর্ড অবশ্য ভেঙে দিল বৈভব। ২০২২ সালে উগান্ডার বিরুদ্ধে ৬৯ বলে সেঞ্চুরি করেছিলেন রাজ। তাঁকে পেরিয়ে গেল বৈভব।
𝗛.𝗨.𝗡.𝗗.𝗥.𝗘.𝗗 💯
— BCCI (@BCCI) February 6, 2026
Cometh the hour, cometh Vaibhav Sooryavanshi 👏
He smashes a 55-ball century in the #U19WorldCup Final 🫡
Updates ▶️ https://t.co/hisult7mtv pic.twitter.com/vNZY4ZoLJ3
তবে অন্য একটি বিশ্বরেকর্ড গড়ল বৈভব। যে নজির আর কারও নেই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭২ বলে ১৫৫ রানে অপরাজিত রয়েছে বৈভব। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে যা সর্বকালের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ভারতেরই উন্মুক্ত চন্দের রেকর্ড ভেঙে দিল বৈভব। ২০১২ সালে উন্মুক্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। সেটাই এতদিন পর্যন্ত ছিল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর।














