মনোজ বন্দ্যোপাধ্য়ায়, সন্দীপ সমাদ্দার ও শান্তনু নস্কর, কলকাতা : এ মাসেই নির্বাচনের ইস্তেহার প্রকাশ করতে চলেছে রাজ্য বিজেপি। তার আগে রবিবার থেকেই জেলায় জেলায় শুরু
হল বিজেপির মতামত সংগ্রহ অভিযান। রবিবার বীরভূমের গণপুরে সভা করেন শুভেন্দু অধিকারী। সেখানে ড্রপ বক্স হাতে মতামত সংগ্রহ করেন তিনি। পুরুলিয়া, দুর্গাপুরেও ড্রপ বক্স হাতে পথে নামে বিজেপি। এনিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল।
ফেব্রুয়ারির শেষেই নির্বাচনের ইস্তেহার প্রকাশ করতে চলেছে রাজ্য বিজেপি। তার আগে, ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মতামত সংগ্রহ অভিযান চলবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সেইমতো রবিবার থেকেই জেলায় জেলায় শুরু হল বিজেপির এই সংগ্রহ অভিযান।
বিজেপির নির্বাচনী ইস্তেহার, যার পোশাকি নাম সঙ্কল্প পত্র। তা নিয়ে শনিবার শমীক ভট্টাচার্য জানান, এর জন্য ৪৩টি সংগঠনিক জেলায় মতামত সংগ্রহ অভিযান চলবে। ১০ হাজার চিঠি লিখে বিভিন্ন মহল থেকে মতামত সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। রাজ্যের গুরুত্বপূর্ণ ১ হাজার জায়গায় মতামত সংগ্রহের জন্য ড্রপবক্স বসাচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি শিবির।
রবিবার বীরভূমের গণপুরে সভা করেন শুভেন্দু অধিকারী। সেখানে ড্রপ বক্স হাতে মতামত সংগ্রহ করেন তিনি। বিরোধী দলনেতা বলেন, "গোটা রাজ্যের অন্তত হাজার মণ্ডলে এই বাক্স আজ উদ্বোধন হয়েছে। বিভিন্ন বড় হাট-গঞ্জ, বিভিন্ন দলীয় কার্যালয়, জনবহুল জায়গায়। এবারে বিজেপি, তার পার্টির কার্যকর্তাদের মধ্যে থেকে ইস্তেহার করবে না। বিজেপি সঙ্কল্পপত্র কর্মসূচি করবে জনগণকে নিয়ে।" এদিকে দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় দিলীপ ঘোষের কর্মসূচিতেও রাখা ছিল ড্রপ বক্স।
এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "বুথে BLO-2 পায় না, তাদের আবার এত শখ হয় কীসের ? ওদের যত সাজেশন বক্স হবে তাতে এই গোষ্ঠী ওর নামে, ওই গোষ্ঠী ওর নামে...যত উড়ো চিঠি ওখানে জমা পড়বে। গোষ্ঠী-কোন্দলের খেউড়ের বক্স হবে ওই বক্স।"
একই ছবি দেখা যায় পুরুলিয়াতেও। দুর্গাপুরে সাজেশন বক্স হাতে পথে নামেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, "আমরা চাইছি বাংলার মানুষের কাছে যেতে। যে তাঁরা কী চাইছেন, বাংলার শিল্প, বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, বাংলার বেকারত্ব...যা যা মানুষ চাইছেন, তাঁরা এই বক্সের মধ্যে রাখবেন। ১০ দিন ধরে এই বক্স চলবে। ১ হাজার ড্রপ বক্স এরকম থাকবে।"
পাল্টা পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক ও জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, "ও বক্স ফাঁকা থাকবে। যেই ভোটের ঢাকে কাঠি পড়েছে, তাই এদের ঘুম ভেঙেছে। নিটফল শূন্য। দুর্গাপুরের মানুষ যে প্রত্যাশা নিয়ে এই দলটাকে ভোট দিয়েছিলেন, তাদের মুখোশ খুলে গেছে। নিজের প্রত্যাশা নিয়ে যাচ্ছে। অন্যের প্রত্যাশা পূরণ নয়।"
ড্রপবক্স ছাড়াও QR কোড, ইমেল আইডি, টোল ফ্রি নম্বরের সাহায্যে মতামত সংগ্রহ করবে বিজেপি।














