শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাস: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হয়নি এখনও। এক না একাধিক দফায় ভোট হবে, তা নিয়েও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তার আগে চলতি
মাসেই নির্বাচনের ইস্তেহার প্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গের বিজেপি শিবির। বিজেপি-র রাজ্য সভাতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যেই ইস্তেহার প্রকাশ করবেন তাঁরা। (BJP Manifesto) শনিবার শমীক জানিয়েছেন, সঙ্কল্প পত্রের জন্য ৪৩টি সংগঠনিক জেলায় ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মতামত সংগ্রহ অভিযান চলবে। ১০ হাজার চিঠি লিখে বিভিন্ন মহল থেকে মতামত সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। রাজ্যের গুরুত্বপূর্ণ ১ হাজার জায়গায় মতামত সংগ্রহের জন্য ড্রপবক্স বসাচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি শিবির। ড্রপবক্স ছাড়াও QR কোড, ইমেল আইডি, টোল ফ্রি নম্বরের সাহায্যে মতামত সংগ্রহ করবে বিজেপি। (West Bengal BJP) ১৫ বছরে কী কী প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল? কোন বিধানসভায় সেই প্রতিশ্রুতি অনুয়ায়ী কী কী কাজ হয়নি? তৃণমূলের আমলে কী কী দুর্নীতি হয়েছে? এনিয়ে ইতিমধ্য়েই তৃণমূলের ব্যর্থতার খতিয়ান, যার পোশাকি নাম রাখা হয়েছে চার্জশিট, তা পেশ করেছে বিজেপি। পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা চার্জশিট তৈরি করছে তারা। এরপর ইস্তেহার প্রকাশের তোড়জোড় শুরু হল।
বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, তাপস রায়, অশোক লাহিড়ির নেতৃত্বে কাজ করছে এই ইস্তেহার কমিটি। সিঙ্গুরে শিল্প, ৩ হাজার টাকার অন্নপূর্ণা ভাণ্ডার, বকেয়া কেন্দ্রীয় হারে DA দেওয়ার দাবিও থাকতে পারে সঙ্কল্পপত্রে। শমীক বলেন, "কী থাকতে পারে, সমাজের বিভিন্ন অংশের মতামত সঙ্কল্পপত্রে তুলে ধরাই অভিযানের মূল লক্ষ্য।"
বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি কলকাতায় বিশেষ মতামত সংগ্রহ অভিযান চলবে। সূত্রের খবর, মূল ইস্তেহারের পাশাপাশি জেলাভিত্তিক পৃথক ইস্তেহারের চিন্তাভাবনাও করছে গেরুয়া শিবির।














