What is the story about?
নয়া দিল্লি:
সংসদে তুমুল তরজা। রাহুল গান্ধী (Rahul Gandhi) বনাম বিজেপির একাধিক সাংসদের বাদানুবাদ ও কটাক্ষই এবার নতুন উচ্চতায় পৌঁছল। প্রাক্তন সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের বই থেকে শুরু করে কেন্দ্রীয় বাজেট ও ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি- এই সমস্ত বিষয় নিয়ে সংসদে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর মন্তব্য়ের আপত্তি জানিয়ে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের বা সাবস্টানসিভ মোশন (Substantive Motion) আনার জন্য নোটিস জমা করলেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। তিনি লোকসভায় রাহুল গান্ধীর সদস্য়পদ বাতিল এবং আজীবন যেন কোনও নির্বাচনে লড়তে না পারেন, সেই নিষেধাজ্ঞার দাবি করেছেন। বাজেটে খামতি থেকে শুরু করে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তিতে কৃষকদের স্বার্থ নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীকেও এপস্টেইন ফাইল নিয়ে আক্রমণ করেন। এরপরই কংগ্রেস সাংসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেয় বিজেপি। আনা হয় স্বাধিকার ভঙ্গের নোটিস। নিশিকান্ত দুবে বলেন, "রাহুল গান্ধীকে কে টাকা দিচ্ছেন? দেশকে নষ্ট করার পিছনে কী উদ্দেশ্য়? কীভাবে ওঁ (রাহুল) অপ্রকাশিত বই হাতে পেল? লোকসভাকে রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ করতে হবে। সরকারের সম্মান নষ্ট করে এর আগেও বিতর্ক তৈরি করেছেন রাহুল গান্ধী, তা সে প্রতিরক্ষা হোক বা অর্থনীতি, বিদেশনীতি নিয়ে।" বিজেপির দেওয়া নোটিসে বলা হয়েছে, "রাহুল গান্ধীর এইরকম ঔদ্ধত্যপূর্ণ মনোভাবের উৎপত্তি হল 'সোরোস ফাউন্ডেশন', যারা নিজেদের ক্লায়েন্ট রাষ্ট্রগুলির সুবিধার জন্য বিভিন্ন দেশকে অস্থিতিশীল করার জন্য বিশ্বব্যাপী কুখ্যাত। রাহুল গান্ধী ১১ ফেব্রুয়ারি তাঁর বক্তৃতায় বিভিন্ন ভারতীয় কর্পোরেটদের উল্লেখ করেছেন এবং একটি বিকৃত চিত্র এঁকেছেন আমাদের ব্যাঙ্কিং ব্যবস্থা ভেঙে পড়েছে। এগুলি দেশকে ভিতর থেকে অস্থির করার প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়"। অন্যদিকে, কংগ্রেস নিশিকান্ত দুবেকে আক্রমণ করতে ছাড়েনি। কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী বলেন, "নিশিকান্ত দুবে সরকারের মন্ত্রী হতে চান, সেই কারণে উনি রাহুল গান্ধীর সদস্যপদ বাতিল করে দেওয়ার কথা বলছেন।" প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও সাংসদ পদ খোয়াতে হয়েছিল রাহুল গান্ধীকে। ২০২৩ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে এবং দুই বছরের জন্য কারাবাসের সাজা দেয়। এরপরই রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ করে দেওয়া হয়।














