নয়াদিল্লি: ভারতীয় দলের দুই বিধ্বংসী ওপেনার ঈশান কিষাণ ও অভিষেক শর্মা। দুই বাঁ-হাতি তারকা নিজেদের ব্যাটিং দৌরাত্ম্যে একাই ম্যাচের মোড় ঘোরাতে সক্ষম। তবে নামিবিয়া ম্যাচের আগে এই দুই ওপেনারকে নিয়েই চিন্তায়
ভারতীয় শিবির।
পেটের সংক্রমণ নিয়ে কয়েকদিন ধরেই ভুগছিলেন অভিষেক শর্মা। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, পাকস্থলীর সংক্রমণ নিয়ে দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি অভিষেক। এবার তাঁর ওপেনিং পার্টনার ঈশান কিষাণও চোটের কবলে পড়লেন। কীভাবে তারকা ভারতীয় ওপেনার চোট পেলেন?
বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। সেই ম্যাচের আগে বুধবারই শেষ অনুশীলন সেশন। সেখানেই নেটে ব্যাটিং সারছিলেন ঈশান কিষাণ। পুরোদমে পূর্ণ গতির বোলিংয়ের বিরুদ্ধে ব্যাট করছিলেন তিনি। এমন সময়ই ইয়র্কারের বিশেষজ্ঞ হিসাবে পরিচিত যশপ্রীত বুমরার এক ঠিকানা লেখা ইয়র্কার বলে আঘাত পান ঈশান। ভারতের তারকা কিপার-ব্যাটারের বাঁ পায়ের পাতায় বল লাগে। বল লাগার পর তিনি নেটে কোনওরকমে নেট থেকে বেরিয়ে আসেন। মাটিতে বসে পড়েন ঈশান।
🚨Update on Indian Team for T20WC🚨
— CricSachin (@Sachin_Gandhi7) February 11, 2026
-Ishan Kishan injured his toe during practice session against Bumrah's bowling.
- Abhishek Sharma, who was hospitalised, has just been discharged but his inclusion in the playing 11 against Namibia is yet to be confirmed. pic.twitter.com/Ydv1VF3Hfm
তড়িঘড়ি দলের ফিজিও এবং সাপোর্ট স্টাফরা তাঁর দিকে ছুটে যান। ঈশানকে বল লাগার পর বেশ যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। মেডিক্যাল দল তাঁর শুশ্রূষা করার পর ঈশান খালি পায়ে মাঠে উঠে দাঁড়ানোর চেষ্টা করেন। হাঁটহাঁটি করার চেষ্টাও করতে দেখা যায় তাঁকে। প্রাথমিকভাবে তিনি কোনওরকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলেও খানিকটা সময় পরে আবারও পায়ে জুতো পরে নেন। এমনকী নেটে ফিরে গিয়ে খানিকটা ব্যাটিংও করেন তিনি। অবশ্য ব্যাট করতে তাঁর যে বেশ সমস্যায় হচ্ছিল তা বলাই বাহুল্য।
চোট লাগার পর খানিকটা সময় ব্যাটিং করার চেষ্টা করলেও আবারও নেট থেকে বেরিয়ে আসেন ঈশান। সোজা চলে যান সাজঘরে। তাঁর চোট ঠিক কতটা গুরুতর, সেটা দলের মেডিক্যাল স্টাফ পর্যবেক্ষণ করেই যে কোনও সিদ্ধান্ত নেবে। এখনও অবশ্য সরকারিভাবে এই চোট নিয়ে কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি। তবে পাতায় বল লাগার পর ঈশানের প্রতিক্রিয়া ভারতীয় দলের সমর্থকদের উদ্বেগ নিঃসন্দেহেই বাড়াচ্ছে।











