কলম্বো: ইতিমধ্যেই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) ১৯টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। তবে বর্তমানে সকলের মুখে মুখে কিন্তু একটাই ম্যাচের চর্চা। যে কোনও আইসিসি টুর্নামেন্টেই সবথেকে বেশি চর্চা থাকে
ভারত বনাম পাকিস্তান ম্যাচ (IND vs PAK) ঘিরে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সেই ম্যাচ ঘিরে উত্তেজনা, আলোচনার অন্ত নেই। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে সেই ম্যাচ আয়োজিত হবে।
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মানেই দুরন্ত ক্রিকেট, প্রতিদ্বন্দ্বিতা আর অবিস্মরণীয় কিছু মুহূর্ত, বিতর্ক। বর্তমানে গ্রুপ 'এ'-তে ভারত ও পাকিস্তান উভয় দলই নিজেদের দুই ম্যাচই জিতেছে। তারা যথাক্রমে এক ও দুই নম্বরে রয়েছে। আজ আবার নেদারল্যান্ডস মাঠে নামছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। সেই ম্যাচে ডাচরা বড় ব্যবধানে জিতলে কিন্তু ভারত ও পাকিস্তান, দুই দলের উপরেই চাপ একটু বাড়বে। এমন পরিস্থিতিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর লড়াইয়ে ভারত ও পাকিস্তান ম্য়াচ বেশ গুরুত্বপূর্ণ। তবে সেই ম্যাচে পরিবেশ কেমন থাকবে?
দ্বীপরাষ্ট্রে এই সময়ে কিন্তু মাঝে মধ্যে ঝড়, বৃষ্টি দেখা যায়। বিশেষত বিকেলের দিকে এই মরশুমে শ্রীলঙ্কায় প্রায়শই বৃষ্টি হয়। ভারত বনাম পাকিস্তানের ম্যাচও কিন্তু সন্ধেবেলাতেই আয়োজিত হবে। তাহলে কি দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচেও বৃষ্টি হবে? পূর্বাভাস কিন্তু খুব একটা ইতিবাচক নয়। প্রাথমিকভাবে আঞ্চলিক পূর্বাভাস বলছে রবিবার ম্যাচের দিন আকাশ মেঘলা থাকবে, জোরাল হাওয়ার পাশাপাশি মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টির সম্ভাবনা মূলত বিকেল চারটে থেকে ছয়টা পর্যন্ত।
ম্যাচ শুরু হওয়ার কথা রাত সাতটায়। সেই সময় খুব বেশি বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, হালকা বৃষ্টি হতে পারে। সন্ধে সাতটার পর থেকে ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা কমবে। কিন্তু ম্য়াচের আগে যদি অঝোরে বৃষ্টি হয়, তাহলে কিন্তু চিন্তা বাড়বেই। এমন পরিস্থিতিতে ম্যাচ ভেস্তে গেলে দুই দলই এক পয়েন্ট করে পাবে। এতে কেউই খুব একটা খুশি যে হবে তেমনটা নয়।
এই ম্যাচের আগে অবশ্য ভারতীয় দলের সমর্থকরা দলের তারকা ওপেনারকে নিয়েও উদ্বিগ্ন। অভিষেক শর্মা পেটের সমস্যায় নামিবিয়া ম্যাচ খেলতে পারেননি। তিনি পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবেন কি না, সেই নিয়ে জোর আলোচনা চলছে। খবর অনুযায়ী কলম্বোয় অভিষেক কেমন অনুশীলন করছেন, সেই দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তাঁর খেলার বিষয়ে নিশ্চিতভাবে জানতে রবিবার পর্যন্ত অপেক্ষা করতেই হবে।













