কলম্বো: টি-টোয়েন্টি বিশ্বকাপে মঙ্গলবার কলম্বোতে পাকিস্তান এবং আমেরিকা (USA) মুখোমুখি হবে। এই ম্যাচটি শুধুমাত্র দুই পয়েন্ট অর্জনের লড়াই নয়, বরং পাকিস্তানের জন্য ২০২৪ সালের সেই চাঞ্চল্যকর হারের স্মৃতি
মুছে ফেলারও সুযোগ। আমেরিকা বিশ্বকাপ অভিষেকের মরশুমেই পাকিস্তানকে হারিয়ে পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছিল। এবার পাকিস্তান সেই হারের প্রতিশোধ নিতে নামবে, যেখানে আমেরিকার কাছে আরও একটি বড় অঘটন ঘটানোর সুযোগ থাকবে।
পাকিস্তানের চিন্তা ব্যাটিং
পাকিস্তান তাদের আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে রান তাড়া করতে গিয়ে প্রায় হেরেই যাচ্ছিল। ভাল শুরু করার পরেও মিডল অর্ডারে পরপর উইকেট পড়ায় দল খেই হারায়। ফাহিম আশরাফ শেষে দলকে ম্যাচ জিতিয়েছিলেন, তবে এই জয়ও অনেক প্রশ্ন রেখে গিয়েছে। অধিনায়ক সলমন আলি আঘা স্পষ্টভাবে বলেছেন যে দলকে চাপের মধ্যে ভাল সিদ্ধান্ত নিতে হবে এবং যে ব্যাটসম্যান ক্রিজে টিকে থাকবে, তাকে বড় ইনিংস খেলতে হবে।
এই ম্যাচে বাবর আজমের দিকে বিশেষ নজর থাকবে। টি-টোয়েন্টি ফরম্যাটে ফেরার পর থেকে তাঁর কাছ থেকে এখনও পর্যন্ত বড় ইনিংস আসেনি। ওপেনার সঈম আয়ুবও প্রত্যাশা পূরণ করতে পারেননি।
আমেরিকার আত্মবিশ্বাস অটুট
আমেরিকা তাদের প্রথম ম্যাচে ভারতকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেছিল। ভারতীয় ইনিংসের শুরুতে ধস নামিয়েছিল মার্কিন বোলিং বিভাগ। যদিও ব্যাটিংয়ে তাদের দলকে পাওয়ার প্লের সময় অপ্রয়োজনীয় শট খেলার খেসারত দিতে হয়েছে। অধিনায়ক মোনাক পটেলও নিজে স্বীকার করেছিলেন যে, প্রথম দিকে উইকেট দ্রুত পড়ে যাওয়ায় দলের পরিকল্পনা ভেস্তে গিয়েছিল।
বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা বংশোদ্ভূত শ্যাডলি ভ্যান শালকউইক আমেরিকার শক্তি হয়ে উঠেছেন। অন্যদিকে অভিজ্ঞ ফাস্টবোলার সৌরভ নেত্রাভালকর ভারতের বিরুদ্ধে নিষ্প্রভ ছিলেন। এবার তিনিও পাকিস্তানের বিরুদ্ধে ফর্মে ফিরতে চাইবেন। দলের জন্য উদ্বেগের বিষয় হল আলি খানের ফিটনেস, যিনি আগের ম্যাচে আহত হয়ে মাঠ ছেড়েছিলেন।
ম্যাচে উত্তেজনা!
আমেরিকার দল শ্রীলঙ্কার পরিবেশ ও পরিস্থিতি সম্পর্কে অবগত। তাদের দল টুর্নামেন্টের আগে এখানেই অনুশীলন করেছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের জন্য এই ম্যাচ একেবারেই সহজ হবে না। একদিকে প্রতিশোধের আকাঙ্ক্ষা, অন্যদিকে আত্মবিশ্বাসে ভরপুর আমেরিকান দল, কলম্বোতে এই ম্যাচটি টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলির মধ্যে একটি হতে পারে।
USA-র দল
মোনাক পটেল (অধিনায়ক), জেসি সিংহ, আন্ড্রিজ গাউস, শেহান জয়সুরিয়া, মিলিন্দ কুমার, শায়ান জাহাঙ্গির, সাইতেজা মুক্কামালা, সঞ্জয় কৃষ্ণমূর্তি, হরমিত সিংহ, নসথুশ কেনজিগে, শ্যাডলি ভ্যান শালকউইক, সৌরভ নেত্রাভালকর, আলি খান, মহম্মদ মহসিন, শুভম রঞ্জন
পাকিস্তান দল:
সালমান আলি আঘা (অধিনায়ক), আব্রার আমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফায়, মহম্মদ নওয়াজ, মহম্মদ সলমন মির্জা, নাসিম শাহ, সাহেবজাদা ফারহান, সঈম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান, উসমান তারিক














