মুম্বই: এই না হলে টি-টোয়েন্টি ম্যাচ। এক টানটান ম্যাচের সাক্ষী রইল ওয়াংখেড়ে স্টেডিয়াম। অঘটন ঘটানোর ঠিক দোরগোড়ার পৌঁছে গিয়েছিল নেপাল (Nepal)। আর একটু হলেই ইংল্যান্ডকে (England) হারিয়ে দিত, কিন্তু শেষ অবধি
ঘুরল খেলা। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) মঞ্চে ইংল্যান্ডকে প্রায় হারিয়ে দিচ্ছিল এভারেস্টের দেশ নেপাল। শেষ মুহূর্তের চরম নাটকীয়তায় মাত্র ৪ রানে ম্যাচ জিতল ইংল্যান্ড। আর অন্যদিকে একাধিক ক্রিকেটপ্রেমীর মন জিতল নেপাল।
বেথেল-ব্রুকের তাণ্ডব
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেয়িডামে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটা ভাল ছিল না। তা সত্ত্বেও জ্যাকব বেথেল (৫৫) এবং হ্যারি ব্রুকের (৫৩) চওড়া ব্যাটে ভর করে ইংল্যান্ড ১৮৫ রানের টার্গেট দেয় নেপালকে। শেষ দিকে উইল জ্যাকসের অপরাজিত ৩৯ রানের ক্যামিও দেখে মনে হয়েছিল নেপাল হয়তো খড়কুটোর মতো উড়ে যাবে।
নেপালি ক্রিকেটারদের পাল্টা আঘাত
১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেপাল বুঝিয়ে দিল, তারা এখানে শুধু অংশ নিতেই আসেনি, লড়াই করতে এসেছে। অধিনায়ক রোহিত পাউড়েল এবং দীপেন্দ্র সিং আইরির ব্যাটে যখন একের পর এক বাউন্ডারি আসছিল, তখন গ্যালারিতে থাকা নীল জার্সিধারী সমর্থকদের গর্জন ছাপিয়ে যাচ্ছিল সবকিছু। নেপালি ফ্যানদের উন্মাদনায় ওয়াংখেড়ে যেন হয়ে উঠেছিল কাঠমান্ডুর কোনও এক মাঠ!
শেষ ওভারে রুদ্ধশ্বাস নাটক
শেষ ওভারে জয়ের জন্য নেপালের প্রয়োজন ছিল মাত্র ১০ রান। ক্রিজে ছিলেন বিধ্বংসী মেজাজে থাকা লোকেশ বাম (৩৯*)। গ্যালারিতে তখন পিন ড্রপ সাইলেন্স! বল হাতে অভিজ্ঞ স্যাম কারান। এক দিকে ইংল্যান্ডের আভিজাত্য টিকিয়ে রাখার লড়াই, অন্য দিকে নেপালের ইতিহাস গড়ার স্বপ্ন। কারান তাঁর অভিজ্ঞতার সবটুকু নিংড়ে দিয়ে লোকেশকে হাত খুলতে দিলেন না। এক রান, দুই রান করে এগলেও বাউন্ডারি আর এল না।
England prevail in Mumbai after a stunning fightback from Nepal 🔥#T20WorldCup 📝: https://t.co/z8A3OwQEct pic.twitter.com/E8nudE2Dx4
— ICC (@ICC) February 8, 2026
২০ ওভারে নেপাল থামল ১৮০ রানে। মাত্র ৪ রানের আক্ষেপ! ম্যাচ শেষে মাঠে নেপালি ক্রিকেটারদের চোখে জল দেখা গেলেও, সারা স্টেডিয়াম দাঁড়িয়ে অভিবাদন জানাল এই লড়াকু যোদ্ধাদের। ইংল্যান্ড ম্যাচ জিতল ঠিকই, কিন্তু ক্রিকেট বিশ্ব দেখল এক নতুন নেপালকে, যারা ডানা মেলতে শুরু করেছে।















