নিউ ইয়র্ক: বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতার পর আর্জেন্তিনার (Argentina) ফুটবলাররা মাঠেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ব্যানার তুলে ধরেছিলেন। যে ব্যানারে লেখা ছিল, 'ফকল্যান্ড আমাদের।'
তবে বিতর্ক তৈরি হয় কারণ, ফিফার নিয়ম রয়েছে ফুটবল মাঠে কোনও রাজনৈতিক বা ধর্মীয় স্লোগান, ব্যানার, পোস্টার দেওয়া বা দেখানো যাবে না। জল্পনা চলছে, সেই নিয়ম ভাঙায় বড়সড় শাস্তি হতে পারে আর্জেন্তিনা ফুটবল দলের।
যদিও ফাইনালের আগে বিরাট স্বস্তি পেতে পারেন লিওনেল মেসিরা। কারণ, আর্জেন্তিনার পাশে দাঁড়ালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে মাঠেই আর্জেন্তিনার ফুটবলারদের ব্যানার তুলে ধরার মধ্যে যিনি অন্যায় কিছু দেখছেন না।
কাপ ফাইনালের আগে নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে যোগ দেন ট্রাম্প। সেই অনুষ্ঠানে ছিলেন আর্জেন্তিনা ফুটবল সংস্থার প্রেসিডেন্ট ক্লদিও চিকি তাপিয়া, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনপান্তিনো ও কনমেবল ফুটবলের প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডমিঙ্গেজ়। ট্রাম্প সেই অনুষ্ঠানে বিশ্বকাপের রেকর্ড দর্শকসংখ্যার কথা উল্লেখ করেন। সেই সঙ্গে জানান, তিনি আর্জেন্তিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল দেখেছেন। মেসির পারফরম্যান্সের প্রশংসাও করেন।
অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, 'আমি ফুটবল নিয়ে দু-একটা জিনিস জানি। মেসির সেদিনের পাসটা দেখেছি। আমি মেসিকে দেখেছি, ওকে তো দারুণ মার্ক করা হয়েছিল তাই না? আচমকাই ও ডানদিকে গিয়ে শট নিয়েছিল, নিখুঁত শটের চেয়ে সিকি ইঞ্চি দূরে, অনবদ্য পাস।'
#SelecciónMayor Hasta ahí la palabra del entrenador de Argentina en la previa de una nueva Final del Mundo. pic.twitter.com/EUB7rIRcCu
— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) July 18, 2026
এরপরই আর্জেন্তিনা ফুটবল সংস্থার প্রেসিডেন্ট ক্লদিও চিকি তাপিয়াকে ট্রাম্প বলেন, 'ফাইনালে একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করার জন্য প্রস্তুত?' পাশাপাশি ফকল্যান্ড নিয়ে আর্জেন্তিনার ফুটবলারদের বার্তা দেওয়াকে সমর্থন করেছে হোয়াইট হাউস। ট্রাম্পের উপদেষ্টা অ্যান্ড্রু জিউলিয়ানি বলেছেন, 'আমেরিকার সংবিধান অনুযায়ী এটা প্রাথমিক অধিকারের মধ্যে পড়ে। ওঁরা যা করেছেন নিজেদের অধিকার মেনেই করেছেন।'
ট্রাম্প জানান, টুর্নামেন্টে এখনও পর্যন্ত সাড়ে ৬ মিলিয়নেরও বেশি দর্শকসংখ্যা হয়েছে। ২০১৮ সালে রাশিয়া ও ২০২২ সালে কাতার বিশ্বকাপেও মাঠে এত ভিড় হয়নি। এখনও দুটি ম্যাচ খেলা হয়নি। ভারতীয় সময় শনিবার গভীর রাতের ম্যাচে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারনকারী ম্যাচে মুখোমুখি ফ্রান্স ও ইংল্যান্ড। রবিবার ভারতীয় সময় মধ্যরাতের ম্যাচে মুখোমুখি আর্জেন্তিনা ও স্পেন।
আরও পড়ুন: ব্রাজ়িলের সঙ্গে একসারিতে আর্জেন্তিনা, বিরল কীর্তির হাতছানি, এই নজির আর কোনও দেশের নেই








