নিউ জার্সি: কোচ হিসাবে তিনি অসম্ভবকে সম্ভব করেছেন। ৫ বছরে ৪টি ট্রফি। জোড়া কোপা আমেরিকা, বিশ্বকাপ, ফাইনালিসিমা... কোচ হিসাবে আন্তর্জাতিক ফুটবলে যে কটি ট্রফি জেতা সম্ভব, জিতেছেন। ভাগ্য সঙ্গ দিলে উপুর্যপরি
দুটি বিশ্বকাপ জেতা হয়ে যেত লিওনেল স্কালোনির (Coach Lionel Scaloni)। ফাইনালে উঠেও স্পেনের কাছে হারতে হয়েছে স্কালোনির আর্জেন্তিনাকে।
যে হার হজম করতে পারছেন না আর্জেন্তিনার কোচ। স্পেন ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে আবেগপূর্ণ হয়ে পড়েন স্কালোনি। তিনি কেঁদে ফেলেন। দুঃখপ্রকাশ করেন ফাইনালে পরাজয়ের জন্য।
আর্জেন্তিনার কোচ হিসাবে স্কালোনির ভবিষ্যৎ কী? ২০২৬ সালের শেষ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে আর্জেন্তিনা ফুটবল সংস্থার। একটা সময় মনে করা হচ্ছিল যে, ২০৩০ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি নবীকরণ করবে আর্জেন্তিনা ফুটবল সংস্থা। কিন্তু বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর নিজেই তা নিয়ে প্রশ্ন তুলে রাখলেন স্কালোনি।
স্কালোনি বলেছেন, 'আমাকে এটা নিয়ে কথা বলতে হবে। আমার পদটা অনেকের কাছে স্বপ্নের চাকরি। কোচিং স্টাফ, প্লেয়াররা সর্বস্ব দিয়েছিলাম। তারপর থেকে যাওয়ার কথা ভাবাটা স্বাভাবিক। এটা দারুণ একটা জায়গা। কোনওদিন ভাবিনি এই জায়গায় থাকব। তবে কোচ হিসাবে থেকে যেতে গেলে অনেকগুলি বিষয় দরকার। সবার আগে নতুন করে সব গোছাতে হবে। এরকম আরও একটা গ্রুপ তৈরি করতে হবে। তবে এইরকম গ্রুপ তৈরি করা হয়তো আর যাবে না। আমি কোচ থাকব কি না সেটা নিয়ে নিশ্চিত নই কারণ আমার মনে হয় না এত বড় আর কিছু করতে পারব। আমার চুক্তির মেয়াদ শেষ হোক, তারপর দেখব এটা নিয়ে ভেবে। আমাদের আজকের ব্যর্থতা মেনে নিতে হবে আর এগিয়ে চলতে হবে।'
২০১৮ বিশ্বকাপে আর্জেন্তিনার কোচ হর্হে সাম্পাওলির সহকারী ছিলেন স্কালোনি। সেই বিশ্বকাপে আর্জেন্তিনার বিপর্যয়ের পর সাম্পাওলিকে সরানো হয়। তবে অর্থ সমস্যায় জেরবার আর্জেন্তিনা ফুটবল সংস্থা স্কালোনিকে অন্তর্বর্তীকালীন কোচ করে। আর পিচনে ফিরে তাকাতে হয়নি লা আলবিসেলেস্তেদের। বিশ্বকাপে ১৫টি ম্যাচে কোচিং করিয়ে ইতিহাসে নাম তুলেছেন স্কালোনি। আর্জেন্তিনার কোনও কোচ বিশ্বকাপে এত ম্যাচ পাননি। ১৫ ম্যাচে মাত্র ২টি পরাজয়।
আর্জেন্তিনার জার্সিতে মেসিকে আর খেলতে দেখা যাবে কি না, সেটা নিয়েও রয়েছে জল্পনা। এবছর ৬টি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আর্জেন্তিনা। সেই ম্যাচগুলির কোনওটিতে কি দেখা যাবে এল এম টেনকে?
আরও পড়ুন: ফের হতে পারে আর্জেন্তিনা-স্পেন ম্যাচ? ব্রাজ়িল-ফ্রান্স-জার্মানির মতো দল নিয়ে নতুন টুর্নামেন্ট?









