জুরিখ: সপ্তাহান্তে বিশ্বকাপের (FIFA World Cup 2026) ফাইনালে গত বারের চ্যাম্পিয়ন আর্জেন্তিনাকে (Argentina Football Team) একপেশে ফাইনালে হারিয়ে স্পেন (Spain vs Argentina) দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়। তবে
ম্যাচের শেষ বাঁশি বাজার পরেই অপ্রিয় ঘটনা ঘটে যায়। পরাজিত হওয়ার পর মেজাজ হারান আর্জেন্তাইন ফুটবলার লিয়ান্দ্রো পারেডেস। তিনি স্পেনের এরিক গার্সিয়াকে ধাক্কা গিয়ে ফেলে দেন, গাভিকে আঘাতও করেন। এবার এই ঘটনায় ফিফা তদন্ত শুরু করল।
ফিফার নিয়মরক্ষা কমিটির তরফে বিশ্বকাপ ফাইনালের পরবর্তী ঘটনার তদন্ত করার জন্য একজন কৌঁসুলিকে নিয়োগ করেছে। যে যে খেলোয়াড় তথা কোচেরা এই ঝামেলায় যুক্ত বলে প্রমাণিত হবেন, তাঁদের সকলকেই শাস্তি দিতে পারে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ম্যাচশেষে স্পেনের খেলোয়াড়রা জয়ের উচ্ছ্বাসে ভাসতে শুরু করলেই নাহুয়েল মোলিনা, পারেডেস, থিয়াগো আলমাদা এবং সহকারী কোচ রবার্তো আয়েলারা ঝামেলায় জড়িয়ে পড়েন।
বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায় স্পেন অধিনায়র রদ্রি শেষ বাঁশি বাজার পরেই দলের সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাসে যোগ দিতে মোলিনার পাশ দিয়ে ছুটে গেলে আর্জেন্তাইন ডিফেন্ডার রদ্রিকে উদ্দেশ্য করে ঘুষি চালান। এর থেকেই ঝামেলার শুরু। এরিক গার্সিয়া তাঁর সতীর্থদের পাশে দাঁড়াতে ছুটে গেলেই ঝামেলা আরও বাড়ে। পারেডেসকে এরিক গার্সিয়াকে গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতে দেখা যায়। এরপরেই গাভিকেও আঘাত করতে দেখা যায়। ঝামেলা বাড়লে কোনওরকমে দুই দলের খেলোয়াড়দের আলাদা করা হয়।
পরবর্তীতে দাবি করা হয়েছিল এই ঘটনার জেরে ম্যাচের ৯০ মিনিট শেষ হওয়ার পরে পারেডেসকে লাল কার্ড দেখানো হয়। তবে সেই দাবি একেবারেই ভুল ছিল বলে পরবর্তীতে জানা যায়। এই ঘটনার জন্য কোনও খেলোয়াড়ের বিরুদ্ধে কোনও ব্য়বস্থাই নেওয়া হয়নি। তবে এবার সেই নিয়ে তদন্ত শুরু করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু আর্জেন্তিনার ফুটবলারদের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে ফকল্যান্ড দ্বীপ নিয়ে মাঠে রাজনৈতিক ব্যানার তুলে ধরায় তদন্ত শুরু হয়েছে। সেই তদন্তের পরে শাস্তিও হতে পারে আর্জেন্তিনা ফুটবলারদের। এর উপর ফাইনাল ম্যাচের পর এই ঝামেলার জেরে শুরু হচ্ছে নতুন তদন্ত।
এই ঘটনায় কৌঁসুলিকে নিয়োগ করায় ফিফা কিন্তু কেবল আর ম্যাচের পরের ঝামেলার বিষয়টি দেখবে না, বরং প্রতিটি বিষয় খুঁটিয়ে দেখবে। খেলোয়াড়রা বা আর্জেন্তাইন ফেডারেশন কোনও ঘটনায় দোষী সাব্যস্ত হলে কিন্তু কড়া শাস্তি হতে পারে।









