নিউ ইয়র্ক: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই বিশ্ব ফুটবলের সবথেকে বড় ম্যাচে (FIFA World Cup Final) নিউ ইয়র্কে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্তিনা (Spain vs Argentina)। একদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, অপরদিকে
লাতিন আমেরিকান তথা বিশ্বচ্য়াম্পিয়ন, এই ম্যাচে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে। সেই খেতাবি লড়াইয়ের পূর্বেই ফের আর্জেন্তিনার প্রতি রেফারিদের পক্ষপাতের অভিযোগ উঠল। এবার প্রশ্ন তুললেন স্প্যানিশ তারকা ডিফেন্ডার আয়মেরিক লাপোর্ত (Aymeric Laporte)।
লাপোর্তের মতে আর্জেন্তিনার ফিজিক্যাল ফুটবল খেলায় তাঁর সমস্যা একেবারেই নেই, তবে এবারের বিশ্বকাপে এমন বেশ কয়েকটি সিদ্ধান্ত লা আলবিসেলেস্তের পক্ষে গিয়েছে, বহু ঘটনাতেই আর্জেন্তিনার ফুটবলাররা শাস্তি পাননি, যা তাঁকে বিস্মিত করে দিয়েছে। Marca-কে দেওয়া সাক্ষাৎকারে স্পেন ডিফেন্ডারকে আর্জেন্তিনার আগ্রাসী ফুটবল প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি জানান, 'আগ্রাসী ফুটবল নিয়ে আমি একটুও চিন্তিত নই। যদি আগ্রাসনটা সব পক্ষের মেনে নেওয়া হয় এবং রেফারি নিজের কাজ করে, তাহলে আমার কোনও সমস্যা থাকতে পারে না।'
আরও পড়ুন:- স্পেন-আর্জেন্তিনার বিশ্বকাপ ফাইনালের আগেই নিউ ইয়র্কের বাতাসে 'বিষ', বাড়ছে উদ্বেগ
এরপরেই স্প্যানিশ ১৪ নম্বর জার্সিধারীর দাবি, 'সত্য়ি বলতে সাম্প্রতিক কয়েকটা ম্যাচে এমন কিছু সিদ্ধান্ত আমি দেখেছি যা আমাকে বিস্মিত করেছে, যেখানে ভুল করলেও শাস্তি দেওয়া হয়নি। বিশেষত আর্জেন্তিনার ক্ষেত্রে এমন দেখা গিয়েছে। এইগুলো, বিশেষ করে এমন বড় টুর্নামেন্টে হওয়া উচিত নয়। এমনটা হলে অপর দল বিরক্ত হয় এবং তাদের মনোবলও ভেঙে যেতে পারে।'









